…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর।

তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের অনাস্থার পরিপ্রেক্ষিতে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভের দিন বিকেলে তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ান তাঁরা।

কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব জানান, তদন্ত প্রতিবেদন প্রায় প্রস্তুত ছিল। তবে শিক্ষার্থীরা কমিটির ওপর অনাস্থা জানানোয় তাঁরা প্রতিবেদন জমা না দিয়ে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন।

ড. এনামুল হক সজীব বলেন, পূজার ছুটির প্রায় এক সপ্তাহ আগে থেকে তাঁরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছিলেন। প্রাথমিকভাবে দুই পক্ষের সাক্ষাৎকার নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, সাক্ষাৎকার নিতে গিয়ে দেখা যায় একজন শিক্ষার্থী আরও পাঁচজনের নাম উল্লেখ করছেন। এভাবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকে এবং পুরো বিষয়টি জটিল হয়ে ওঠে, ফলে প্রতিবেদন প্রস্তুত করতে কিছুটা সময় লেগে যায়।

তিনি আরও বলেন, তাঁদের প্রতিবেদন প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিল এবং চাইলে মঙ্গলবারই তা জমা দেওয়া যেত। কিন্তু এর আগেই সোমবার শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর লিখিতভাবে জানায়, তদন্ত কমিটির ওপর তাদের আস্থা নেই।

ড. সজীব বলেন, শিক্ষার্থীদের যেখানে তদন্ত কমিটির ওপরই আস্থা নেই, সেখানে কমিটির দেওয়া প্রতিবেদনের ওপরও তাদের আস্থা থাকার কথা নয়। এমন পরিস্থিতিতে তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর এক সহকারী প্রক্টর তদন্ত কমিটি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন এবং মঙ্গলবার বিকেলে অব্যাহতিপত্র অধ্যক্ষ বরাবর পৌঁছে দেন।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেন ব্যাপারী বলেন, কমিটির কাজ ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে শিক্ষার্থীরা কমিটির প্রতি অনাস্থা জানানোয় তাঁরা প্রতিবেদন জমা দিতে পারছেন না। পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিলে নেবেন বলে তিনি জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট রয়েছে বলে সোমবার শিক্ষার্থীরা তাঁকে জানিয়েছে। তিনি বলেন, তিনি সব সময় শিক্ষার্থীদের বলেছেন, যেকোনো সমস্যা যেন তারা তাঁকে জানায়।

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হওয়া সত্ত্বেও একই অনুষদের দুই শিক্ষককে তদন্ত কমিটিতে রাখার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, তাঁরা কোন অনুষদের শিক্ষক, তা তাঁর মাথায় ছিল না। বিদ্যালয়ের ভেতরের শিক্ষকেরা যেন তদন্তে পক্ষপাতিত্ব করতে না পারেন, সে কারণে বাইরের শিক্ষকদের রাখা হয়েছিল বলে তিনি জানান।

অধ্যক্ষ আরও বলেন, ওই দুই সহকারী প্রক্টর তদন্ত কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন, তাই নতুন করে তদন্ত কমিটি গঠন করা হবে। নতুন কমিটির নিরপেক্ষতা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য অনুষদের শিক্ষকদের রাখার পরিকল্পনা রয়েছে।

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রীর ছবি এআই ব্যবহার করে আপত্তিকরভাবে বিকৃত করা, অশালীন বার্তা পাঠানো ও শারীরিকভাবে হয়রানির অভিযোগ ওঠে একই শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাদের বিরক্ত করে আসছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও তারা প্রতিকার পায়নি। গত ৭ অক্টোবর অভিযুক্ত শিক্ষার্থীর বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর বিদ্যালয়ে যান। পরদিন ১০ শিক্ষার্থীকে আলাদা কক্ষে নিয়ে লিখিত বক্তব্য নেওয়া হয়। এ সময় তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা এবং অভিযোগের পক্ষে ডিজিটাল প্রমাণ থাকা একটি মুঠোফোন নিয়ে নেওয়ার অভিযোগও করে শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে আবার শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় ১৩৬তম

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশে…

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানদের তলব, ঢাকার ২৫ প্রতিষ্ঠানকে শোকজের সিদ্ধান্ত
শিক্ষা

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানদের তলব, ঢাকার ২৫ প্রতিষ্ঠানকে শোকজের সিদ্ধান্ত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ…

উদয়ন স্কুলে এআই দিয়ে ছবি বিকৃতি ও যৌন হয়রানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা

উদয়ন স্কুলে এআই দিয়ে ছবি বিকৃতি ও যৌন হয়রানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ…

শিক্ষা

ডিএসসিসি এলাকার শিক্ষার্থীরা বিনামূল্যে ঘুরতে পারবে জাতীয় জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা, সমঝোতা স্মারক সই

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ ন…