কারিনাকে নিয়ে প্রথম বাইকযাত্রায় প্রতি দুই সেকেন্ডে ‘থামো, থামো’ শুনেছিলেন সাইফ

বলিউড তারকা সাইফ আলী খান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে কারিনা কাপুরকে নিয়ে তাঁর প্রথম বাইকযাত্রার একটি মজার অভিজ্ঞতা জানিয়েছেন। সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপচারিতায় সাইফ বলেন, প্রেমের শুরুর দিকে কারিনাকে প্রথমবার বাইকে ঘোরাতে নিয়ে গিয়ে তিনি বুঝেছিলেন, কারিনার আসলে বাইকে চড়তে ভালো লাগে না।
‘হাইওয়ান’ সিনেমার মুক্তির আগে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা অমিতাভ বচ্চন সঞ্চালিত কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হয়েছিলেন। সম্প্রতি সেই পর্বের একটি অপ্রকাশিত ভিডিও প্রকাশ করেছেন অনুষ্ঠানটির নির্মাতারা।
সনি টিভির প্রকাশ করা ভিডিওতে অমিতাভ জানান, তাঁর কম্পিউটারে ‘হাইওয়ান’ অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুরের বাইকে ঘোরার বিষয়ে কিছু তথ্য এসেছে। এরপরই কারিনার সঙ্গে প্রথম বাইকযাত্রার স্মৃতি তুলে ধরেন সাইফ।
সাইফ বলেন, শুরুর দিকে কারিনা ও তাঁর মধ্যে খুব বেশি কথা হতো না। তাঁরা শুধু সহ-অভিনেতা হিসেবে ভদ্রতা বজায় রাখতেন। এরপর একজন তাঁকে বলেন, কারিনাকে বাইকে ঘুরতে যাওয়ার কথা বলছেন না কেন, তিনি মোটরসাইকেল খুব পছন্দ করেন।
সাইফ জানান, লাদাখের রাস্তা খুব সুন্দর বলে তিনি একটি বাইক ভাড়া করেন। হেডফোন কানে দিয়ে শুটিংয়ের জন্য সেটে যেতেন তিনি। তখন তিনি কারিনাকে জিজ্ঞেস করেন, তিনি কি বাইকে ঘুরতে যেতে চান। কারিনা বলেন, হ্যাঁ, তিনি খুবই চান, তাঁর বাইক ভালো লাগে। এরপর সাইফ তাঁকে নিয়ে ঘুরতে বের হন।
বাইক চলতে শুরু করার পরের অভিজ্ঞতা জানাতে গিয়ে সহ-অভিনেতা অক্ষয় কুমারের দিকে তাকিয়ে সাইফ বলেন, বাইক চালাতে শুরু করলেই প্রতি দুই সেকেন্ড পরপর কারিনা তাঁর পিঠে নখ বসিয়ে বলছিলেন, থামো, থামো, থামো, থামো, এত জোরে নয়, এত জোরে নয়।
সাইফ বলেন, পরে কারিনা বলেন, তাঁর বাইকে চড়তে একদম ভালো লাগে না। তখন সাইফ কারিনাকে বলেন, তাহলে তাঁরা এই বাইকে বসে আছেন কেন। সাইফের ভাষ্য, এরপর তাঁর মনে হয়, হয়তো অন্য কোনো ব্যাপার আছে। তিনি বলেন, তাঁরা একে অপরকে পছন্দ করতেন, কিন্তু বাইকটা কারিনার পছন্দ ছিল না।
সাইফের এই স্মৃতিচারণ শুনে অক্ষয় কুমার ও অমিতাভ বচ্চনসহ উপস্থিত সবাই হেসে ওঠেন। একই পর্বে দুই বছরের জন্য গোবর্ধন ঘির সাবস্ক্রিপশনও জেতেন সাইফ আলী খান।
সাইফ আলী খান ও কারিনা কাপুর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন। তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহ। তৈমুরের বয়স ৯ বছর, আর জেহর বয়স ৫ বছর।


