নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে নির্বাচন কমিশন, সংশোধন পাঠানোর শেষ তারিখ ৮ নভেম্বর

নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ছাড়া আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য এবং বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কি না, সেগুলোও পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে ইসি।
তথ্য যাচাই করে কোনো সংশোধন থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে।
ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সব জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে এসব কথা বলেছেন।
চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলাধীন সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো তথ্য অনুসারে প্রস্তুত করা হয়েছে এবং তালিকা সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্ত তালিকায় আওতাধীন উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, কিংবা আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত তথ্য এবং বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কি না, তা পুনঃযাচাই করা প্রয়োজন।
সংযুক্ত তালিকার তথ্য যাচাই করে কোনো সংশোধন — ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস বা অন্য কোনো তথ্য — থাকলে তা ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।
তালিকায় উল্লিখিত তথ্য সঠিক থাকলে সে বিষয়টিও লিখিতভাবে নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।



