গাজীপুরের নাওজোড়ে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত তিন শ্রমিক

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লেগেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে এবং এতে তিন শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ জানান, রাত ৮টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মো. হিরণ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় প্রতিষ্ঠানটির ভেতরে আটজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন আহত হন।
আহত তিন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।




