চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রশিদ ছাড়া সার বিক্রির অভিযোগে দুজনের সাজা, জব্দ ২১ বস্তা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন ও রশিদ ছাড়া বিক্রির অভিযোগে পৃথক দুটি অভিযানে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান দুটিতে অবৈধভাবে বহন করা মোট ২১ বস্তা সার জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার রহনপুর পৌর এলাকা ও রহনপুর-গোমস্তাপুর সড়কে এসব অভিযান পরিচালিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি এলাকায় ৫ বস্তা সার কোনো ধরনের বৈধ রশিদ বা ক্যাশমেমো ছাড়াই অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা সারবোঝাই ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ। এ সময় সার ডিলার ‘কবির ট্রেডার্স’-এর ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে রশিদ ছাড়া সার পরিবহন ও বিক্রির অভিযোগে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন সন্ধ্যায় রহনপুর-গোমস্তাপুর সড়কের শিমুলতলা এলাকায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ১৬ বস্তা সার পরিবহনের দায়ে গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠালগ্রাম এলাকার আব্দুর রশিদকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসেন বলেন, অভিযানে জব্দ করা মোট ২১ বস্তা সার উপজেলা কৃষি অফিসে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এই সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।



