মেয়াদ শেষের আট দিন পর রাকসুর দফতর ছাড়লেন জিএস সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আট দিন পর নিজের দফতর ছেড়েছেন।
রাকসুর কোষাধ্যক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) রাতে তিনি দফতর ছাড়েন।
বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দফতর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন সালাহউদ্দিন আম্মার।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগণ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সম্মান দিয়েছিলেন। আমি আপনাদের জন্য নিজের সামর্থ্য, সময়, শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।’
একই পোস্টে তিনি লেখেন, ‘অনেক ভুল করেছি, সেগুলোর জন্য আপনাদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাকে আপনারা একটা নতুন জীবন দিয়েছেন।’ ভোটাররা তাঁকে নির্বাচিত না করলে হয়তো তিনি নীরবে-নিভৃতে হারিয়ে যেতেন বলেও তিনি লেখেন।
দফতর ছাড়ার বিষয়ে আম্মার লেখেন, প্রশাসনের চিঠি অনুযায়ী ৪ নভেম্বর রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের কথা ছিল। বড় একটি দায়িত্ব থেকে মুক্ত হয়েছেন জানিয়ে তিনি লেখেন, শেষ সময়টা তিনি ভাগ করে নিয়েছেন রাকসুর এক বছরের সঙ্গী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে।
ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকেই পরবর্তী রাকসুর লড়াই এবং বিগত ৯ দফা আন্দোলনের লড়াই ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে চলবে, এবং এখান থেকেই তিনি আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের জরুরি যেকোনো সমস্যায় তাঁকে স্মরণ করার আহ্বান জানিয়েছেন আম্মার। শিক্ষার্থীদের আর্থিক বিষয়গুলো ‘নভোকালচার’ প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান।




