…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ
ছবি: সংগৃহীত

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত সরকার, এখন বিএনপি যেকোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূত দেখে। এ কথা বলে আন্দোলনের ন্যায্যতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক একটি আন্দোলন।

আজ বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গাজীপুরে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত গায়েবানা জানাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত নেতা-কর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে গায়েবানা জানাজার শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনক হামলা করেছে। সেখানে শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরসহ ১৭ জন শ্রমিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত বেদনাদায়ক, তাঁরা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার ভুলভাবে এই আন্দোলনকে ‘ডিল’ করার কারণে আজকে দেশের পরিস্থিতি এই অবস্থায় এসেছে। সরকার এই আন্দোলনকে কোনো ধরনের কর্ণপাত না করে বলপ্রয়োগের মাধ্যমে থামানোর চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, এই আন্দোলন শুরু হয়েছে আরও আগে। আন্দোলন হওয়ার এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন হয়েছে। গঠন হওয়ার তিন দিনেও মজুরি বোর্ডের কোনো সভা হয়নি। আজকে তারা প্রথম সভা করেছে পরিস্থিতি বিবেচনায়। তার মানে, সরকারের দিক থেকে একটা অবহেলা আছে।

নাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ এক বক্তব্যে বলেছেন, এটা কোনো শ্রমিক আন্দোলনই নয়। অর্থাৎ সরকার এখন পর্যন্ত এই আন্দোলনকে আন্দোলন হিসেবেই স্বীকৃতি দিচ্ছে না। বরং এই ন্যায্য ও যৌক্তিক দাবির আন্দোলনকে তারা নানা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করছে। এ আন্দোলনের ভেতরে তারা নানা সহিংসতার চিত্র দেখাচ্ছে।

‘আমরা বলব, এই আন্দোলনে সহিংসতা শুরু করেছে বিএনপি নিজেই। শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় সহিংসতা হয়েছে এবং তাদের ওপর সরকারদলীয় সহিংসতা এবং নিপীড়ন চলমান আছে। গতকাল বিএনপির গুন্ডাদের নামানো হয়েছে হকিস্টিক ও স্টাম্প হাতে। তারা রাস্তায় নেমেছে শ্রমিকদের পেটানোর জন্য। বিএনপি বা এই গুন্ডাদের কে এই দায়িত্ব দিয়েছে?’ বলেন তিনি।

দলীয় সন্ত্রাসী বাহিনীর পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলিয়ে দিয়ে শ্রমিক আন্দোলন দমনের চেষ্টার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমলে যেভাবে আন্দোলন, বিশেষত শ্রমিক আন্দোলনকে দমন করা হতো, ঠিক একই কর্তৃত্ববাদী কায়দা ও প্রক্রিয়ায় এই সরকার শ্রমিকদের আন্দোলন দমন করছে।

তিনি বলেন, কোনো ধরনের শ্রমিক-মালিক সমঝোতার পথে না গিয়ে, রাজনৈতিকভাবে সেটা সমাধান না করে সহিংসতার মাধ্যমে দমন করার চেষ্টা করার ফলে এই আন্দোলন আজকে এই পর্যায়ে এসেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তারা যেকোনো পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে, করে আসছে এবং সেটার সুযোগ বিএনপি করে দিচ্ছে গত সাত মাস ধরে। তারা বিভিন্ন জায়গায়, বিশেষত গাজীপুর, সাভার এলাকায় আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। বিচারের ব্যাপারে বিএনপি আপস করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐকমত্য ছিল, সেই ঐকমত্য ভঙ্গ করেছে। বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে এই পরিস্থিতির দায় সরকার এবং বিএনপিকেই নিতে হবে।’

সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘এখনো সময় আছে আপনারা কোনো ধরনের টালবাহানা না করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন, তাঁদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন, আলোচনায় আসুন। কোনো ধরনের প্রতারণা করার চেষ্টা করবেন না।’

আন্দোলনে সহিংসতায় নিহত শ্রমিক তৌফিক শেখের পরিবারকে আইএলওর কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শ্রমিক নেতাদের বিরুদ্ধে হওয়া অন্যায় মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার শ্রমিক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পোশাকশিল্পের মালিক-শ্রমিক এবং সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু সমাধানে যেতে হবে।

রাজনীতি বিভাগের আরও খবর

নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
রাজনীতি

নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ…

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
রাজনীতি

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে বিক্…

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি-জামায়াত টানাপোড়েন, জোট ভাঙনের গুঞ্জন নাকচ দুই পক্ষেরই
রাজনীতি

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি-জামায়াত টানাপোড়েন, জোট ভাঙনের গুঞ্জন নাকচ দুই পক্ষেরই

স্থানীয় সরকার নির্বাচন, ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী দেওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে…

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি
রাজনীতি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তি…