চট্টগ্রামের তিন ইউনিটে জামায়াতের পুরোনো আমিররাই বহাল, বদল শুধু খাগড়াছড়িতে
রুকনদের (সদস্য) ভোটেও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর তিন ইউনিটের শীর্ষ পদে নতুন নেতৃত্ব আসেনি। দলটির ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন আগের নেতারাই। ফলে আগামী দুই বছরও পুরোনো নেতৃত্বের অধীনেই চলবে চট্টগ্রাম জামায়াতের সাংগঠনিক কার্যক্রম।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। উত্তর জেলা জামায়াতের আমির হয়েছেন পুনরায় আলাউদ্দিন শিকদার এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির পদে বহাল রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী।
তবে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে শুধু খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন এসেছে। এই ইউনিটে আমির নির্বাচিত হয়েছেন মিনহাজুর রহমান। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
এ ছাড়া কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, সম্প্রতি প্রত্যেক ইউনিটে আলাদাভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ব্যালটে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর কেন্দ্র থেকে একযোগে ঘোষণা দেওয়া হয়।
তিনি আরও বলেন, মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন; তিনি এবার পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় আগের আমিরই পুনরায় নির্বাচিত হয়েছেন, আর বৃহত্তর চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি ছাড়া বাকিরা পুনরায় নির্বাচিত হয়েছেন।




