মাদারীপুরের রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে পুলিশ আটক করেছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।
নিহতের নাম জান্নাতুল ইসলাম মাইসা। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। তাঁর স্বামী সুজন মুন্সী রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবপ্রবাসী সুজন মুন্সীর সঙ্গে পারিবারিকভাবে মাইসার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সুজন একাধিকবার মাইসাকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।
পরিবারের অভিযোগ, পরকীয়া প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় বুধবার বিকেলে মাইসাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। পরে সুজন তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং নিহতের পরিবারকে খবর দেন।
হাসপাতালে গিয়ে মাইসার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। তাঁদের সন্দেহ হলে তাঁরা রাজৈর থানায় খবর দেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে সুজনকে আটক করে।
নিহতের পরিবার জানিয়েছে, মাইসা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।




