চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, গ্রেপ্তারের দিন গত মঙ্গলবার থেকেই তার বরখাস্ত কার্যকর হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা কর্মকর্তা জানান, বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট-২ অনুযায়ী গ্রেপ্তারের দিন থেকেই সরকারি কর্মচারীর সাময়িক বরখাস্ত কার্যকর হয়। বরখাস্তকালীন বিধি অনুযায়ী শিক্ষক ইনামুল হক খোরাকি ভাতা পাবেন।
এর আগে গত সোমবার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হকের বিরুদ্ধে।
ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা বিদ্যালয়ে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।
মঙ্গলবার পুলিশ ইনামুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




