টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ড স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। স্থানীয় বাজারের আগে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ১৪১ ডলার।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।




