গ্রেপ্তারি পরোয়ানার মুখে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরীমণির
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ক্লাবে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার মুখে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে হাজির হয়ে এই আবেদন দাখিল করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার আদালত তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরীমণি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন।
এর আগে বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে পরীমণি অ্যালার্জিজনিত শারীরিক অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবীরা সময়ের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করেন, বাদীপক্ষের জামিন বাতিলের আবেদন গ্রহণ করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৬ জুলাই ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে এই নালিশি মামলা করেন।
পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মনির হোসেন তদন্ত শেষে ২০২৪ সালে পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করেন।
আদালত ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সমন জারি করলে ২০২৪ সালের ২৫ জুন পরীমণি আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছিলেন। পরে গত বছরের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
নাসির উদ্দিন মাহমুদের মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুন গভীর রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে মদ্যপানে লিপ্ত হন। একপর্যায়ে বিনামূল্যে একটি দামি বিদেশি মদের বোতল পার্সেল দাবি করলে বাদী তাতে অসম্মতি জানান বলে মামলায় বলা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে পরীমণি গালমন্দ করার পাশাপাশি সার্ভিং গ্লাস ও নিজের মুঠোফোন ছুড়ে মারেন, যার আঘাতে নাসির উদ্দিন বুকে ও মাথায় আঘাত পান এবং ক্লাবে ভাঙচুর চালানো হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ও আইনি সুবিধা নিতে পরীমণি পরে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার পাল্টা মামলা দায়ের করেছিলেন।



