নভেম্বরে বঙ্গোপসাগরে এক-দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বৃষ্টি থাকবে স্বাভাবিকের কম

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভায় নভেম্বর মাসের এই পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
এ মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এই বিভাগে মাসটির স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬ মিলিমিটার।
ময়মনসিংহ বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেটে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। অন্যদিকে সবচেয়ে কম বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে, ৪ থেকে ৮ মিলিমিটার।
এর আগে গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে বিদায় নেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গত মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে।
গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে, ১৭ অক্টোবর। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২৭ অক্টোবর তেঁতুলিয়ায়।




