ঢাকাসহ পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস, সারা দেশে তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ওই পাঁচ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
বৃষ্টির সম্ভাবনা থাকা এলাকাগুলো ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
একই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




