তিন দিনের আন্দোলনের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, সতর্ক পুলিশ-বিজিবি
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিনের শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল, রামারবাগ, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকায় শ্রমিকদের স্বাভাবিক কর্মব্যস্ততা দেখা যায়। কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতো এবং সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন এসব এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিদিন সকালে কাজে যোগ দিলেও বিভিন্ন সময়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় এলাকায় বাড়তি সতর্কতা বজায় রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কাঠেরপুল, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিবু মার্কেটসহ আশপাশের বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। দায়িত্ব পালন করছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও।
শুধু ফতুল্লা নয়, নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চাষাড়াতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে। চাষাড়া শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি।
বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ এম আবু সাঈদ বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজ করছেন। তবে মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরও কিছু দেশি-বিদেশি চক্রের উসকানিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।



