হাবিপ্রবির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য নতুন রিডিং রুম উদ্বোধন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে নতুন রিডিং রুম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা রিডিং রুমটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান এবং শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার অধ্যাপক ড. আবুল কালাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, “শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য রিডিং রুমের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এ হলের শিক্ষার্থীরা আজ থেকে অধ্যয়নের বিশেষ সুবিধা পাবে।”
তিনি আরও বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসন সার্বক্ষণিক সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপাচার্য বলেন, সুন্দর পরিবেশে প্রত্যেকে যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে; এখানে কোনো বিভেদ ও বৈষম্য করা যাবে না।
তিনি রিডিং রুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে আসবাবপত্রসহ সব সম্পদের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার ক্ষেত্রেও শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান।




