আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি, ছাদের সৌর প্যানেলের বিদ্যুৎ কিনবে সরকার: রাজশাহীতে মন্ত্রী

গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
বিশ্ববাজারে জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে সরকার সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছে বলে মন্ত্রী জানান। আগামী বছরের গ্রীষ্মের আগেই সোলার সিস্টেম থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি বলেন।
এই লক্ষ্য অর্জনে বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও সরকার কিনবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।
সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে বাড়ির ছাদে প্যানেল স্থাপনের জন্য মন্ত্রী সবাইকে উৎসাহিত করেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তি পর্যায় থেকেও উদ্যোগ নিতে হবে।
মন্ত্রী জানান, ব্যক্তিগত পর্যায়ে সৌর বিদ্যুৎ প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপ কমানো সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও মোহাম্মদ শফিকুল হক মিলন সভায় ছিলেন।
সভায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



