ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন জাপানের তাশিমা
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
তাশিমাই দ্বিতীয় ব্যক্তি, যিনি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিলেন। তাঁর আগে টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামোন ভেগা একই ঘোষণা দিয়েছিলেন।
৬৮ বছর বয়সী তাশিমা এর আগে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেএফএর সভাপতি ছিলেন।
বিবৃতিতে তাশিমা বলেন, জেএফএর পূর্ণ সমর্থন নিয়েই তিনি ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জাপানি ফুটবল দীর্ঘদিন ধরে যে আন্তরিকতা, সততা ও উচ্চ নৈতিক মান গড়ে তুলেছে এবং মূল্য দিয়ে এসেছে, তা বিশ্ব ফুটবল সম্প্রদায়ের কাছে স্পষ্টভাবে তুলে ধরা জরুরি বলেই তিনি মনে করেন।
তাশিমা আরও বলেন, এসব নীতি বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে এবং ফুটবলের আরও ভালো ভবিষ্যতে অবদান রাখতেই তিনি ফিফা সভাপতি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দৃঢ় সংকল্প নিয়ে এই চ্যালেঞ্জ নেবেন এবং বিশ্ব ফুটবলের আরও উন্নয়নে অবদান রাখবেন বলেও তিনি জানান।
এই নির্বাচনে প্রার্থী ঘোষণার শেষ সময় আগামী ১৮ নভেম্বর।
অন্যদিকে বর্তমান সভাপতি ইনফান্তিনো চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনর্নির্বাচন চাইছেন। তাঁর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তিনি তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবির মুখে পড়েছিলেন।
তবে গত মাসে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ৫৬ বছর বয়সী ইনফান্তিনোকে সমর্থন জানানোয় পুনর্নির্বাচনের দৌড়ে তিনি এখন শক্ত অবস্থানে আছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইনফান্তিনো এর আগে বলেছিলেন, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ‘বিপুল সংখ্যাগরিষ্ঠ’ অংশের সমর্থন তাঁর পক্ষে রয়েছে, এবং পদত্যাগের দাবি তিনি উড়িয়ে দিয়েছিলেন।


