মেহেরপুরের গাংনী সীমান্তে পর্তুগাল নেওয়ার প্রলোভনে আটক দুজন, দালালরা পলাতক

ভারত হয়ে অবৈধ পথে পর্তুগাল নেওয়ার প্রলোভন দেখিয়ে দুই ব্যক্তিকে সীমান্ত পার করার চেষ্টা করছিল একটি দালালচক্র। মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে ওই দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত দালালরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৫/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে বিজিবির একটি টহল দল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে এমরান হোসেন এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সামছুল হকের ছেলে রেজাউল করিম (২৭)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধলার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ওই দুজনকে আটক করা হয়।
তাঁদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ৮ হাজার ৫০ ভারতীয় রুপি, ৪ হাজার ২০২ বাংলাদেশি টাকা, দুটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশি এক অজ্ঞাত দালাল তাঁদের ভারত হয়ে পর্তুগালে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য প্ররোচিত করেন।
ওই দালাল তাঁদের আরেক দালালের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে ধলার মাঠ এলাকায় রেখে পালিয়ে যান বলে আটক ব্যক্তিরা জানিয়েছেন।
আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দালালচক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে তারা সতর্ক রয়েছে।
বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে প্ররোচিতকারী চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।




