ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই: জামালপুর থেকে গ্রেপ্তার ৪, উদ্ধার ১৬০ বস্তা শুঁটকি

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের তিন দিন পর কুমিল্লা থেকে কাভার্ডভ্যানটি এবং চার দিন পর জামালপুর থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব শুঁটকির দাম প্রায় ৪০ লাখ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেনী জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে চট্টগ্রামের আসাদগঞ্জ শুঁটকিপট্টির সামিয়া ট্রেডার্স থেকে শুঁটকি কিনে ঢাকা মেট্রো-ড-১৪-৭৯৪২ নম্বরের কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন ব্যবসায়ী শ্যামল দাস (৩৮)। তাঁর সঙ্গে ছিলেন চালক আরিফ হোসেন (২৮)।
১ নভেম্বর রাত পৌনে ২টার দিকে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীসিদ্ধি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার বিপরীত পাশে পৌঁছালে তাঁদের পথরোধ করা হয়। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস থেকে তিন ব্যক্তি নেমে বড় ছুরি নিয়ে কাভার্ডভ্যানটিতে ওঠেন।
ছিনতাইকারীরা চালক আরিফ হোসেনকে মারধর করেন। পরে ব্যবসায়ী ও চালকের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। তাঁদের কাছে থাকা ১৪ হাজার টাকা, দুটি মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রেখে শুঁটকিবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান ছিনতাইকারীরা।
এ ঘটনায় মামলা হওয়ার পর ফেনী জেলা পুলিশের তিনটি দল নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
৩ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটের দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
পরে পুলিশের একটি দল জামালপুরে অভিযান চালায়। ৪ নভেম্বর ভোর চারটার দিকে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (৪৫), মো. আক্তার হোসেন (৩২), মো. বাবুল (২৮) ও মো. নাদিম (২৪)।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া শুঁটকি থাকার তথ্য পাওয়া যায়। পরে তাঁদের দেখানো মতে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের একটি কোল্ড স্টোরেজের সামনে থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়। এর আগে কুমিল্লা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছিল। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া ১৭৩ বস্তা শুঁটকির মধ্যে ১৬০ বস্তা উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পণ্যবাহী যানবাহন কৌশলে মহাসড়কে আটকে মালামাল ছিনতাই করে আসছিলেন তাঁরা।




