চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,১৭৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৬৩৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৬৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩০ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবারের (৩ নভেম্বর) ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান বুধবার চট্টগ্রাম রেঞ্জ থেকে প্রকাশ করা হয়।
রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১২০ জন, আগের মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৫০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৪০টি মামলা করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অভিযানে ৭ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২৩ হাজার ৯৯৫টি ইয়াবা বড়ি এবং ৫৩ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩০ জনের মধ্যে কুমিল্লার ২০ জন, ফেনীর চারজন, ব্রাহ্মণবাড়িয়ার তিনজন, চাঁদপুরের দুজন এবং চট্টগ্রামের একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৩৩ জনের মধ্যে ৪০৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ২৮২ জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া চট্টগ্রামে ৯২, লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৫৫, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩, কক্সবাজারে ২৬, ফেনীতে ১৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে সাত এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।

