যুদ্ধের কারণে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ছয় মাসে ভর্তুকি ৪৩ হাজার কোটি টাকা: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা চলছে। যুদ্ধের কারণে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলেও তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন বিদ্যুৎমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত ছয় মাসে জ্বালানি খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এই কারণে দেশের স্বাভাবিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।
সোলার প্যানেলের জন্য সরকার ভর্তুকি দিচ্ছে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, যাতে কৃষি জমিতে সেচ দেওয়া যায়, সেজন্য যেখানে কৃষি জমি আছে সেখানে সোলার দিয়ে সেচ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি বলেন, সরকার চেষ্টা করছে যাতে আগামী মৌসুমে কৃষি জমিতে সেচে কোনো অসুবিধা না হয়।
গ্যাসক্ষেত্র নিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর গ্যাস ফিল্ডগুলো খনন করা হচ্ছে এবং খনন করে দুটি ইতিবাচক ফল পাওয়া গেছে। এই গ্যাসগুলো উত্তোলন করা হলে নাটোরে অবশ্যই সুষমভাবে শিল্পক্ষেত্রে গ্যাস বিতরণ করা হবে বলেও তিনি জানান।
দেশে মাদকের বিস্তার ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে এবং এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদক প্রতিরোধে অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সন্তানের জন্য অভিভাবকদের বাড়ি থেকেই কাজ করতে হবে। থানার ওসিদের এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন।



