শিক্ষায় বেশি বরাদ্দের দাবিতে এথেন্সে শিক্ষার্থী-শিক্ষকদের বিক্ষোভ মিছিল

স্কুলে আরও ভালো অর্থায়নের দাবিতে বৃহস্পতিবার গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্র দিয়ে মিছিল করেছেন হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক। দেশজুড়ে চলা এই প্রতিবাদে আরও ভালোভাবে পরিচালিত স্কুলের দাবি তোলা হয়।
মিছিলটি সকাল ১১টায় এথেন্স বিশ্ববিদ্যালয়ের বাইরে শুরু হয়ে সিনতাগমা স্কয়ারে পৌঁছায়, যেখানে পুলিশি সারির পেছনে সংসদ ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ‘গ্রিস থেকে ফ্রান্স, আমরা বিনামূল্যে সরকারি শিক্ষার জন্য লড়ি।’ কারও কারও প্ল্যাকার্ডে ছিল ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের আন্দোলন থেকে নেওয়া ফরাসি স্লোগান ‘পড়াশোনা, নাকি বেঁচে থাকা?’
সংসদ ভবনের বাইরে কেউ কেউ ক্ষয়িষ্ণু স্কুল ভবনের ধ্বংসাবশেষের বস্তা ফেলে দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের চুইয়ে পড়া ছাদ, খসে পড়া পলেস্তারা আর ভাঙা রেডিয়েটরের মতো অবস্থার মধ্যে পড়তে হয়।
পুলিশের হিসাবে এথেন্স ও থেসালোনিকি মিলিয়ে অংশগ্রহণকারী ছিলেন প্রায় ৪ হাজার জন। এই সংখ্যা ২১ অক্টোবর গ্রিসের ৫০টি শহরে মিছিল করা ২০ হাজার জনের তুলনায় অনেক কম, তবে আয়োজকেরা পুলিশের এই হিসাব নিয়ে আপত্তি জানিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবিগুলো সুনির্দিষ্ট: রাষ্ট্রীয় অর্থায়ন বাড়ানো, স্কুল ভবনগুলোর জরুরি পরীক্ষা ও মেরামত, হাজার হাজার শূন্য পদ পূরণে স্থায়ী নিয়োগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীসংখ্যা কমানো এবং নতুন জাতীয় পরীক্ষা ও সরকারি উচ্চশিক্ষা রক্ষাকারী সংবিধানের ১৬ নম্বর ধারা তুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার।
মাধ্যমিক শিক্ষকদের ইউনিয়ন ওএলএমই কর্মীদের মিছিলে যোগ দেওয়ার সুযোগ করে দিতে সকাল ১০টা থেকে চার ঘণ্টার কর্মবিরতি পালন করে।
আন্দোলনের পেছনে রয়েছে জীবনযাত্রার ব্যয়ও। শিক্ষার্থীরা বলছেন, মাসে ভাড়াই ৮০০ ইউরো, এবং অনেকেই আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন না। ইউনিয়নগুলো মাসিক আবাসন ভাতা ও ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণের দাবি জানাচ্ছে।



