সিবিডি খাবারে জৈব লেবেল দেওয়া যাবে না: ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত
সিবিডিভিত্তিক খাদ্যপণ্যকে জৈব হিসেবে প্রত্যয়ন করা যাবে না বলে রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত। বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত বলেছেন, এসব পণ্য প্রযুক্তিগতভাবে ইইউ বাজারে বৈধ নয়।
সিবিডি বা ক্যানাবিডিওল হলো গাঁজায় পাওয়া একটি অ-মনঃসক্রিয় রাসায়নিক উপাদান। কীটনাশক ছাড়া উৎপাদিত সিবিডি দিয়ে তৈরি গামিসহ এ ধরনের পণ্য কিনতে আগ্রহী ভোক্তাদের জন্য এ রায় ধাক্কা। ফ্রান্সে মামলাটি এনেছিল প্রফেশনাল হেম্প ট্রেড অ্যাসোসিয়েশন।
ইউরোপের কিছু দেশে সুস্থতা পণ্যের দোকানগুলো একটি আইনি ধূসর এলাকা ব্যবহার করে সিবিডি পণ্য বিক্রি করছে, যেগুলো স্পষ্টভাবে মানুষের খাওয়ার জন্য বাজারজাত করা হয় না। ফ্রান্সে কিছু শণ বিক্রেতা সেগুলোতে জৈব লেবেল দিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু বিচারকেরা তা বন্ধ করে দিয়েছেন।
ইউরোপীয় কমিশন প্রাকৃতিক সিবিডিকে তথাকথিত নভেল ফুড হিসেবে শ্রেণিবদ্ধ করে। এটি এখনো ইইউ বাজারে বিক্রির অনুমোদন পায়নি।
শণ বিক্রেতারা ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অরিজিন অ্যান্ড কোয়ালিটির সিবিডি খাবারে জৈব প্রত্যয়ন দিতে অস্বীকৃতিকে চ্যালেঞ্জ করেছিলেন।
শীর্ষ আদালত বলেছেন, সিবিডি জৈব হিসেবে প্রত্যয়িত হতে পারবে কেবল ইইউ বাজারে বিক্রির অনুমোদন পাওয়ার পর। আদালত যুক্তি দিয়েছেন, প্রত্যয়নটি কেবল সাজসজ্জার ব্যাজ নয়; এটি ভোক্তাদের চোখে একটি পণ্যের মান ও গ্রহণযোগ্যতা সম্পর্কে আরও সাধারণ প্রতিশ্রুতি বহন করে এবং এই ইতিবাচক ভাবমূর্তি একটি অভিপ্রেত বাণিজ্যিক প্রভাব। বিক্রির অনুমোদন পায়নি এমন পণ্যে তা লাগালে বিভ্রান্তি তৈরি হতে পারে। রায়টি আগের জাতীয় পর্যায়ের পদক্ষেপগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে আদালত উল্লেখ করেছেন।
জৈব লেবেলের এই ধাক্কা ফ্রান্সে শণ বিক্রেতাদের সমস্যার মধ্যে সবচেয়ে ছোটটি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত মে মাসে প্যারিস ভোজ্য সিবিডি পণ্য সম্পূর্ণ তাক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।



