…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

দারিদ্র্য আর ভাই-বোনের ভালোবাসার গল্পে টোকিও উৎসবের সেরা পুরস্কার, ১০ দিনে দেখানো হলো ২০৪টি চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক
দারিদ্র্য আর ভাই-বোনের ভালোবাসার গল্পে টোকিও উৎসবের সেরা পুরস্কার, ১০ দিনে দেখানো হলো ২০৪টি চলচ্চিত্র
ছবি: সংগৃহীত

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু, বৃষ্টিমুখর সন্ধ্যায় বিদায়। ১০ দিনের চলচ্চিত্রযাত্রা শেষে ৪ নভেম্বর পর্দা নামল ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। হিবিয়া, মারুনৌচি, ইউরাকুচো, গিনজাসহ বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে ২০৪টি চলচ্চিত্র।

সমাপনী সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে ইউরাকুচোর হিউলিক হলে জড়ো হন বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও অতিথিরা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার। উৎসবের সর্বোচ্চ সম্মান টোকিও গ্রাঁ প্রি, দ্য গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড জিতেছে উত্তর মেসিডোনিয়ার নির্মাতা মিলচো মানচেভস্কির ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’।

ছবিটির কেন্দ্রে দরিদ্র দুই ভাই-বোন মালিনা ও ভিক্টর। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে ম্যানহোলের ঢাকনা ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি করে তাদের দিন চলে। একদিন জাতীয় বীরের ভারী মূর্তি ভিক্টরের পায়ে পড়ে গুরুতর আঘাত লাগে। ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে আরও কঠিন হয়ে ওঠে মালিনার জীবনসংগ্রাম। দুই ভাই-বোনের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে সামাজিক অবহেলা, দারিদ্র্য ও সম্পদের বৈষম্য।

উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, আলবেনিয়া, ইতালি ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হাস্যরস, ট্র্যাজেডি ও নাটকীয়তার মেলবন্ধন বিচারকদের মন জয় করেছে।

পরিচালক মিলচো মানচেভস্কি জানান, বাড়ির কাছের পার্ক থেকে জাতীয় বীরদের মূর্তি উধাও হয়ে যাওয়ার ঘটনা থেকেই গল্পের ভাবনা আসে। পরে সেসব মূর্তির প্রতিরূপও হারিয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন, ভাঙারির দোকানে প্রতি কিলোগ্রাম ব্রোঞ্জের দাম মাত্র তিন ইউরো। তখনই ঘটনাটি চোরদের দৃষ্টিকোণ থেকে দেখার কথা ভাবেন তিনি।

মালিনা চরিত্রের অভিনেত্রী সারা ক্লিমোস্কা জানান, ফিলিপ ট্রাইকোভিচের সঙ্গে চলচ্চিত্র ও মঞ্চে কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল তাঁর। ছবিটির জন্য তিন সপ্তাহ মহড়া করেছেন তাঁরা, বিশেষ গুরুত্ব দিয়েছেন কমেডির দৃশ্যগুলোতে। ট্রাইকোভিচ বলেন, সহশিল্পীর অভিনয়ে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়াই বিশ্বাসযোগ্য জুটি তৈরির ভিত্তি। পরিচালকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রযোজক ইয়ানে কর্তোশেভ। মঞ্চে রসিকতা করে তিনি বলেন, তাঁরা টোকিওতে এসেছিলেন একটি ম্যানহোলের ঢাকনা নিয়ে, আর মেসিডোনিয়ায় ফিরছেন এই সুন্দর পুরস্কার নিয়ে।

বিশেষ জুরি পুরস্কার পেয়েছে সুন শুনের সিঙ্গাপুরি চলচ্চিত্র ‘ম্যাজিক অ্যাটলাস’। উডকাট অ্যানিমেশনের মাধ্যমে বাস্তব ও কল্পনা, ইতিহাস ও পুরাণের মেলবন্ধন ঘটিয়েছেন নির্মাতা। প্রায় এক দশকের পরিশ্রমের স্বীকৃতি মিলেছে এই পুরস্কারে।

‘ডাবল ফ্রিডম’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন লিসান্দ্রো আলোনসো। তাঁর সংযত নির্মাণশৈলী এবং সময়ের প্রবাহকে চলচ্চিত্রে তুলে ধরার দক্ষতার প্রশংসা করেছেন বিচারকেরা। সেরা অভিনেতা হয়েছেন ‘টু সিগারেটস, থ্রি নাইটস’-এর নারিতা রিয়ো, তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক মিশিমা ইউকিকো। ‘দ্য নাইট দ্যাট বাইন্ডস আস’-এ এক মধ্যবয়সী নারীর অসম প্রেমের গল্পে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চীনা অভিনেত্রী হু লিং।

সেরা শিল্পগত অবদানের পুরস্কার পেয়েছে ইয়েলেনা ম্যাকসিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’-এর চিত্রগ্রহণ। সার্বিয়ার একই সামাজিক ও রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা, কিন্তু ভিন্ন সুযোগ পাওয়া দুই তরুণ-তরুণীর সম্পর্ক নিয়ে ছবিটি। দর্শক পুরস্কার পেয়েছে তেওদোরা আনা মিহাইয়ের ‘হেইসেল ৮৫’, ফুটবল স্টেডিয়ামের এক হৃদয়বিদারক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

এশিয়ান ফিউচার বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে সুইজারল্যান্ড ও তুরস্কের যৌথ প্রযোজনা ‘শেরিফে তাভসান’। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফগান পরিচালক তারেক দাউদ বলেন, জীবনে এই প্রথম কোনো পুরস্কার পেলেন তিনি। নির্মাতা জানান, তুর্কি সহলেখকের সঙ্গে ছবিটির গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের দাদি-নানিদের জীবন থেকে, যাঁদের অনেক স্বপ্নই অপূর্ণ থেকে গেছে।

এবার নতুন চালু হওয়া ‘নিপ্পন সিনেমা নাউ’ বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে তানাকা মিকির ‘সিলভার এক্সপ্রেস’। জার্মানি ও ইউক্রেনের যৌথ প্রযোজনা ‘আই রেয়ারলি ওয়েক আপ ড্রিমিং’ পেয়েছে টিএফ এথিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড। কুরোসাওয়া আকিরা পুরস্কারে সম্মানিত হয়েছেন ও মিপো ও মোহাম্মদ রাসুলোফ।

এবার টোকিও উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নেয় বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দর্শকদের আগ্রহ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনো পুরস্কার জেতেনি।

সমাপনী অনুষ্ঠানের পর ইউরাকুচো আসাহি স্কয়ারে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রতিযোগিতা বিভাগের জুরিপ্রধান রলফ ডি হিয়ার। তাঁর সঙ্গে ছিলেন বিচারকমণ্ডলীর অন্য চার সদস্য অ্যালেক্স লো, ও জুংওয়ান, ওয়াতানাবে মাকিকো ও ইয়োভ মুর। রলফ ডি হিয়ার জানান, ভিন্ন ধরনের ১৫টি চলচ্চিত্রের মধ্য থেকে সেরা কাজগুলো বেছে নেওয়া সহজ ছিল না, তবে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, যাতে বিচারকমণ্ডলীর সবাই সন্তুষ্ট।

উৎসবের সমাপনী চলচ্চিত্র ছিল দক্ষিণ কোরিয়ার পরিচালক ইয়ন সাং-হোর ‘কলোনি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অভিনেতা কু গিয়ো-ফান। উৎসব কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, এবার চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকসংখ্যা ছিল ৬৯ হাজার ৭২, যা আগের বছরের তুলনায় বেশি।

১০ দিনের আয়োজনের সমাপ্তি ঘোষণা করতে মঞ্চে আসেন উৎসব পরিচালক হিসামাৎসু তাকেও। আগামী বছর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসর, সেই আয়োজন আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করার প্রত্যয় জানান তিনি।

বিনোদন বিভাগের আরও খবর

‘স্যরি’ লিখে এক শব্দের পোস্ট, এক কোটি ৭০ লাখ মানুষের কাছে পৌঁছে আলোচনায় প্রথম আলো
বিনোদন

‘স্যরি’ লিখে এক শব্দের পোস্ট, এক কোটি ৭০ লাখ মানুষের কাছে পৌঁছে আলোচনায় প্রথম আলো

জাতীয় দৈনিক প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে শুধু ‘স্যরি’ লিখে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (৩ নভে…

‘পু’ চরিত্রে কারিনাকে দেখে শাহরুখের প্রশ্ন, ‘তুমি কি ওকে এসব করতে দেবে?’—কফি উইথ করণে গল্প শোনালেন করণ জোহর
বিনোদন

‘পু’ চরিত্রে কারিনাকে দেখে শাহরুখের প্রশ্ন, ‘তুমি কি ওকে এসব করতে দেবে?’—কফি উইথ করণে গল্প শোনালেন করণ জোহর

বলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পু’। ২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের অভিনীত পূজা ওরফে ‘পু’ চরিত্রটি আজ…

বিনোদন

বার্সেলোনায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘রইদ’, বিশেষ সম্মাননা পেল ‘দেলুপি’

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় বড় সাফল্য পেয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা …

বিনোদন

৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে সাত ব্যান্ড, উন্মুক্ত কনসার্ট সবার জন্য বিনামূল্যে

আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান গাইবে দেশের শীর্ষ সাতটি ব্যান্ড। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘কনসার্ট …