২০ লাখ ডলার ঘুষে মাদক পাচারকারীকে ছাড়ার অভিযোগে মেক্সিকান বিচারক গ্রেপ্তার

একজন সন্দেহভাজন কানাডীয় মাদক পাচারকারীকে হেফাজত থেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ২০ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে একজন মেক্সিকান বিচারককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, বিচারক লুইস বেনিতেস আলকান্তারা ২০২৪ সালে মেক্সিকোতে কানাডীয় নাগরিক অ্যান্ড্রু ক্লার্কের প্রত্যর্পণ কার্যক্রম তদারক করছিলেন। ক্লার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ ছিল, তিনি সাবেক কানাডীয় অলিম্পিক স্নোবোর্ডার রায়ান ওয়েডিংয়ের নেতৃত্বে চলা শতকোটি ডলারের মাদক পাচার চক্র চালাতে সহায়তা করেছেন।
অভিযোগ অনুযায়ী, ঘুষের অর্থ পাওয়ার পর বেনিতেস ক্লার্ককে হেফাজত থেকে ছেড়ে দেন। তবে মুক্তির কয়েক দিনের মধ্যেই ক্লার্ককে আবার গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সেখানে তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও হত্যার অভিযোগ রয়েছে।
বেনিতেসের বয়স ৪৯ বছর। তাঁকে গত রোববার কলম্বিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। নয়টি অভিযোগসংবলিত অভিযোগনামায় তাঁর বিরুদ্ধে অপরাধ-পরবর্তী সহায়তার অভিযোগ আনা হয়েছে। তাঁর কোনো আইনজীবী আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন কর্মকর্তারা কলম্বিয়ার কাছে বেনিতেসের প্রত্যর্পণ চাইবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বিবৃতিতে বলেন, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা যেখানেই থাকুন না কেন, যুক্তরাষ্ট্রে সক্রিয় মাদক পাচারকারীদের সহায়তা করলে তাঁকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হবে।
এই গ্রেপ্তার ওয়েডিংয়ের নেতৃত্বে পরিচালিত বলে অভিযোগ ওঠা বহুজাতিক মাদক পাচার চক্র নিয়ে মার্কিন তদন্তের সর্বশেষ ঘটনা। ওয়েডিং একসময় এফবিআইয়ের শীর্ষ পলাতক ছিলেন; তাঁর বিরুদ্ধে লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ও একাধিক হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে ওয়েডিংকে মেক্সিকোতে গ্রেপ্তার করে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হত্যা ও মাদকের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
অভিযোগ ওঠা এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়েছে, সেই সঙ্গে কয়েক মিলিয়ন ডলার মূল্যের গাড়ি, মোটরসাইকেল, শিল্পকর্ম ও গহনাও জব্দ হয়েছে।
ক্লার্কের আইনজীবী ম্যাথিউ লোমবার্ড বৃহস্পতিবার বার্তা পেয়ে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।




