কলোরাডোতে পর্বত থেকে পড়ে দুই কলেজছাত্রের মৃত্যু, দড়ি বাঁধা পাথর খসে পড়াই সম্ভাব্য কারণ

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে পর্বতারোহণের সময় পড়ে গিয়ে দুই কলেজছাত্রের মৃত্যুর সম্ভাব্য কারণ শনাক্ত করেছেন তদন্তকারীরা। কর্তৃপক্ষ বলেছে, র্যাপেলিংয়ের সরঞ্জাম যে পাথরে বাঁধা ছিল, অবতরণের সময় সেই পাথরটি সম্ভবত খসে গেছে।
নিহত দুজন হলেন ক্যাডেন মাতসুদা (১৯) ও জ্যাকসন ডনলন (২০)। দুজনেই কলোরাডো মাউন্টেন কলেজের শিক্ষার্থী। অ্যাসপেন থেকে প্রায় ১০০ মাইল দক্ষিণ-পূর্বে ওয়েস্ট অ্যাপোস্টল পর্বতে বরফে ভরা একটি খাদে তাঁদের মরদেহ পাওয়া যায়। সাপ্তাহিক ছুটিতে পর্বতারোহণে গিয়ে তাঁরা ফিরে না আসায় বিষয়টি জানা যায় বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।
চ্যাফি কাউন্টি শেরিফের কার্যালয় এ সপ্তাহে প্রকাশিত অনুসন্ধানে জানিয়েছে, দুর্ঘটনার সময় দুজন দড়ি বেয়ে পর্বত থেকে নামছিলেন।
কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাসহ একটি অ্যাংকর পয়েন্ট থেকে ডনলন নামতে শুরু করেছিলেন, তখনই সম্ভবত পাথরটি খসে যায়। মাতসুদা একই অ্যাংকরের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে দুজনই পড়ে যান। তাঁরা ঠিক কতটা উঁচু থেকে পড়েছেন, তদন্তকারীরা তা নির্ধারণ করতে পারেননি বলে এপি জানিয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুই শিক্ষার্থী কলেজের লিডভিল ক্যাম্পাস থেকে রওনা হয়েছিলেন। প্রথমে কাছের আইস মাউন্টেনে ওঠার পরিকল্পনা থাকলেও পরে তাঁরা গন্তব্য বদলে ওয়েস্ট অ্যাপোস্টল পর্বতের দিকে যান বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তে নির্ধারিত হয়েছে, দুজনই একাধিক গুরুতর আঘাতে তাৎক্ষণিকভাবে মারা গেছেন। কর্তৃপক্ষ বলেছে, তীব্র তুষারঝড় তাঁদের মৃত্যুর সরাসরি কারণ ছিল না।
চ্যাফি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, আরোহণের প্রস্তুতিতে দুই শিক্ষার্থীর স্পষ্ট কোনো ভুল তদন্তকারীরা খুঁজে পাননি।
শেরিফ অ্যান্ডি রোরিচ এপিকে বলেন, এ ধরনের বেশির ভাগ ক্ষেত্রে যেগুলো মর্মান্তিক পরিণতিতে শেষ হয়, সেখানে কী ভুল হয়েছিল তা সহজে চিহ্নিত করা যায়। ক্যাডেন ও জ্যাকসনের ক্ষেত্রে তেমনটি হয়নি। তিনি আরও বলেন, দুজনের কেউই শেষ মুহূর্তে কষ্ট পাননি—এতে স্বস্তি রয়েছে। তাঁর ভাষায়, তাঁদের জীবন খুবই সংক্ষিপ্ত হলেও শেষ মুহূর্তগুলো তাঁরা একসঙ্গে কাটিয়েছেন চ্যাফি কাউন্টির উঁচু শৃঙ্গগুলোর সৌন্দর্যের মাঝে, যেগুলো তাঁরা ভালোবাসতেন।
এপি জানিয়েছে, দুজনেরই বাইরের প্রকৃতির প্রতি আগ্রহ ছিল। মাতসুদা বনভূমির অগ্নিনির্বাপক কর্মী হওয়ার জন্য পড়াশোনা করছিলেন, তিনি কলোরাডোর রিজওয়ের বাসিন্দা। ডনলন আউটডোর রিক্রিয়েশন লিডারশিপ নিয়ে পড়ছিলেন, তিনি নিউইয়র্কের কুইন্সবেরির বাসিন্দা।
সাম্প্রতিক মাসগুলোতে আরও পর্বতারোহণ দুর্ঘটনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বছরের গ্রীষ্মের শুরুতে ক্যালিফোর্নিয়ার সেকোইয়া ন্যাশনাল পার্কে পড়ে গিয়ে ৩০ বছর বয়সী অভিজ্ঞ পর্বতারোহী জেক হুইসেনান্ট গুরুতর আঘাতে মারা যান। এ বছরের শুরুতে আলাস্কার মাউন্ট ম্যাককিনলিতে ডেনালি পাসের কাছে পড়ে তিনজন লাটভীয় পর্বতারোহী মারা যান এবং চতুর্থ একজন গুরুতর আহত হন।




