তুরস্কে তিন গ্রামে বন্দুকধারীর গুলি, নিহত ৮, পলাতক সন্দেহভাজনের খোঁজে অভিযান

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আফিয়নকারাহিসার প্রদেশের তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সন্ধ্যায় প্রদেশটির গ্রামীণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী আঙ্কারা ও উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত।
প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র হামলায় আটজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ইউকারিতানদির গ্রামে সড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এ ছাড়া ওই গ্রাম থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। একইভাবে আরও আধা ঘণ্টার দূরত্বে আয়াজিনি গ্রাম থেকে উদ্ধার করা হয় আরও তিনজনের মরদেহ।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। ওই গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।




