কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে পাঁচ ঘণ্টার সংঘর্ষে আহত শতাধিক, মোবাইল দোকানের বাগবিতণ্ডা থেকে সূত্রপাত

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আহতরা বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে কৈলাগ ইউনিয়ন ও পৌরসভার দরিঘাগটিয়া এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এমপি মার্কেটের সামনে একটি মোবাইল ফোনের দোকানের ভেতর দরিঘাগটিয়া এলাকার কালাম ও কৈলাগ এলাকার জিদানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মুরাদের দোকানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুরো বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনাস্থলে পুলিশের ফোর্স রয়েছে।
ওসি জানান, বিভিন্ন দিক থেকে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।




