এলব্রুস জয়ের পতাকা ফিরিয়ে দিলেন শাকিল, ধানমন্ডিতে ৫০ ছবির প্রদর্শনী ১২ নভেম্বর পর্যন্ত

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস সফলভাবে জয় করার পর অভিযানে ব্যবহৃত বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেছেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।
গত ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু মাউন্ট এলব্রুসের ৫ হাজার ৬৪২ মিটার চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির রাশিয়ান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের হাতে এই পতাকা তুলে দেন তিনি। পতাকা হস্তান্তর শেষে শাকিল ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তাঁর অভিযানের অনুভূতি ও চিত্র তুলে ধরেন।
সাফল্যের পাশাপাশি দেশের পর্বতারোহণ খাতের অনিশ্চয়তা ও পৃষ্ঠপোষকতার মারাত্মক অভাব নিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন এই পর্বতারোহী।
পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান শেষে শাকিলের মাউন্ট এলব্রুস অভিযানের নির্বাচিত ৫০টি ছবি নিয়ে একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় রাশিয়ান হাউসের ডিরেক্টর আলেক্সান্দ্রা খলেভনয়।
আয়োজক সংস্থা বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সেক্রেটারি সাদিয়া সুলতানা জানান, আলোকচিত্র প্রদর্শনীটি ধানমন্ডির রাশিয়ান হাউসে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাখি বিশেষজ্ঞ ও অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনাম আল হক, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আব্দুর রহমান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু, এমকে এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির করীম, চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা এম. জাকির হোসেন খান এবং জ্যাপ-এর এডিটরিয়াল কনসালটেন্ট আকিব সাফওয়ান।
এছাড়া অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং রাশিয়ান হাউসের ডিরেক্টর আলেক্সান্দ্রা খলেভনয়ের ধারণকৃত বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।




