ভুয়া বোমা হুমকিতে ইউরোপের আকাশে সতর্কতা, তল্লাশি বা পথবদল অন্তত ৩৫ উড়োজাহাজের

এ সপ্তাহে বাণিজ্যিক ফ্লাইটগুলোকে লক্ষ্য করে একের পর এক ভুয়া বোমা হুমকির পর ইউরোপজুড়ে বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা জারি রয়েছে।
এসব হুমকির কারণে অন্তত ৩৫টি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে অথবা সেগুলোর পথ বদল করা হয়েছে।
গতকালের বিঘ্নের পর কর্তৃপক্ষ আজ তুলনামূলক শান্ত দিনের আশা করছে। তবে গতকালের একটি ঘটনা এখনো নিবিড় তদন্তের মধ্যে রয়েছে।
ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি ফ্লাইট বোমা হুমকির পর এভ্রো সামরিক ঘাঁটিতে পথবদল করা হয়। ওই ফ্লাইটের পাইলট এখন ফরাসি কর্তৃপক্ষের তদন্তের মুখে রয়েছেন, কারণ তিনি নাকি একটি বেসামরিক বিমানবন্দরে অবতরণের ওপর জোর দিয়েছিলেন।
এভ্রোর পাবলিক প্রসিকিউটর রেমি কুত্যাঁ আইসিআই নরম্যান্ডিকে বলেছেন, নির্দেশিত জায়গায় অবতরণে পাইলটের আপাত প্রাথমিক অস্বীকৃতির কারণে ফরাসি সামরিক বাহিনী উড়োজাহাজটিকে আটকাতে দুটি যুদ্ধবিমান পাঠায়।
কুত্যাঁ বলেছেন, কী ঘটেছিল তা বুঝতে পাইলট ও তাঁর সহ-পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করার জন্য তিনি অভিযোগ আনতে পারেন বলেও তিনি জোর দিয়ে জানান।
তবে গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে এয়ার লিঙ্গাস পাইলটের পক্ষ নিয়েছে। সংস্থাটি বলেছে, পাইলট ও ক্রু পুরো ঘটনায় ত্রুটিহীন ও সম্পূর্ণ পেশাদার আচরণ করেছেন।
বিমান সংস্থাটি আরও বলেছে, যাত্রীদের নিরাপত্তা ও যত্নই এয়ার লিঙ্গাসের সর্বোচ্চ অগ্রাধিকার এবং খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অধিনায়ক ও ক্রু পেশাদারভাবে তা বজায় রেখেছেন।




