মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী

দক্ষিণাঞ্চলকে মোংলা বন্দরকেন্দ্রিক নতুন অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এ অঞ্চলের জ্বালানি সংকটের সমাধান, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও আমদানি-রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ১৫ দিনের মধ্যে দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী মনে করেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করা প্রয়োজন। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এখানে চায়না ইপিজেড প্রতিষ্ঠিত হচ্ছে এবং এ অঞ্চলে অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ করা হচ্ছে, পাশাপাশি রেল যোগাযোগও আসছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদেই মোংলাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। সেই লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
এ অঞ্চলে জ্বালানি সংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর সমাধানে কাজ চলছে। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি এবং সেবা খাত প্রতিষ্ঠায় সরকার ইতোমধ্যে সব পদক্ষেপ গ্রহণ করেছে। এখন স্বস্তি, শান্তি ও অগ্রগতির পরিবেশ নিশ্চিত করতে বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম মূল চাবিকাঠি শ্রমিকদের ভূমিকা। মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক; তাই উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বন্দরের বৃহত্তর স্বার্থে ছোটখাটো বিষয় উপেক্ষা করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম (মনা)। এ সময় বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মোংলা বন্দরের উন্নয়নকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জেটির প্রবেশদ্বারের কাছে দুটি গাছের চারা রোপণ করেন।




