…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে; এখন রুট দুটির বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেছেন, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, এটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহন ব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে, বিশেষ করে যেসব এলাকায় যাত্রী চাহিদা বেশি।

মশিউর রহমান বলেন, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান ও পরিকল্পনায় থাকা মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ থাকবে। মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ অংশের যাতায়াত সহজ করতে এসব সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শকেরা প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে শেষ করেছেন। বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) সমীক্ষাটি সম্পন্ন করেছে। এখন বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে, যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

ডিটিসিএ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলের মডেলভিত্তিক সমীক্ষা চালিয়ে যাত্রী চাহিদা নিরূপণ করেছে। পরে বিশ্লেষণের জন্য এসব তথ্য বুয়েটের পরামর্শকদের দেওয়া হয় বলে জানান মশিউর রহমান।

তিনি বলেন, ঢাকা মহানগর অঞ্চলে গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে মনোরেল রুটের সমন্বয় ও এর সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসিএ ‘কনসালট্যান্সি সার্ভিস ফর প্রি-ফিজিবিলিটি স্টাডি অব মনোরেল অ্যালাইনমেন্ট ইন্টিগ্রেশন উইথ মাস ট্রানজিট নেটওয়ার্কস ইন ঢাকা মেট্রোপলিটন রিজিয়ন’ শীর্ষক পরামর্শক চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা ও প্রস্তাবিত দুটি মনোরেল রুটের বিস্তারিত নকশা প্রণয়নে সরকার রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত রুটগুলো হলো পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বিমানবন্দর-বসুন্ধরা (২৫ দশমিক ২ কিলোমিটার), মধ্য বাড্ডা-ভুলতা (১৪ দশমিক ৬ কিলোমিটার), রামপুরা-ডেমরা (১০ দশমিক ৩ কিলোমিটার), মোহাম্মদপুর-পোস্তগোলা (১১ দশমিক ৭ কিলোমিটার) এবং উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর-সাভার (১৭ দশমিক ৬ কিলোমিটার)।

এ ছাড়া প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত ৯টি স্টেশনসহ মনোরেল-৮, আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও অথবা শ্যামলী পর্যন্ত ১০টি স্টেশনসহ মনোরেল-১০ এবং পল্টন থেকে সদরঘাট অথবা ঝিলমিল পর্যন্ত ৬ বা ১১টি স্টেশনসহ মনোরেল-১৩-এর কথা উল্লেখ রয়েছে।

মশিউর রহমান বলেন, কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত দুটি রুট নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে যাত্রী চাহিদা, সম্ভাব্য সুফল ও আর্থিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে। একটি অগ্রাধিকারপ্রাপ্ত রুট তিন মাসের মধ্যে নির্বাচন এবং পুরো সমীক্ষা ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

সমীক্ষায় রুটের অবস্থান, সম্ভাব্য স্টেশন ও ডিপোর স্থান, যাত্রী চাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা, অর্থনৈতিক সম্ভাব্যতা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হবে। নির্মাণ ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা ও পরিচালন ব্যয়ও মূল্যায়নের আওতায় থাকবে। এ কাজে দেশীয় ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।

মনোরেল উড়াল কাঠামোর ওপর দিয়ে চলাচল করে। ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে, যেখানে সড়কের জায়গা সীমিত, সেখানে এ ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা যাচাই করছে ডিটিসিএ। রাজধানীর যানজট কমানো ও নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ঢাকায় মনোরেল চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকা…

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চালু রয়েছে ৮৮টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। …

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন
জাতীয়

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন

পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চলাচল…

আশুলিয়ার জিরাবোতে বেতনে সংসার চলছে না পোশাকশ্রমিকদের: ‘দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি’
জাতীয়

আশুলিয়ার জিরাবোতে বেতনে সংসার চলছে না পোশাকশ্রমিকদের: ‘দুই মাস হইছে, মাছের গন্ধটাই ভুইল্যা গেছি’

ঢাকার আশুলিয়ার জিরাবো বাজারের পাশের ছোট একটি কলোনিতে দুই পাশে ২০টির মতো ছোট ছোট ঘর রয়েছে, যার সবগুলোতেই থাকেন ওই এলাকায় কর্মরত পোশাকশ্রমিকরা। কারখা…