ইউএস-বাংলায় ‘স্টুডেন্ট পাইলট’ নিয়োগ, প্রশিক্ষণ শেষে মাসিক বেতন ১ লাখ ৮০ হাজার টাকা

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘স্টুডেন্ট পাইলট’ পদে নিয়োগের আবেদন আহ্বান করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণ শেষে এটিআর উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে যোগদানের পর মাসিক বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে; ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতের যেকোনো একটিতে জিপিএ ৫ থাকতে হবে।
এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০, ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে দুটি বিষয়ে জিপিএ ৫ ও একটিতে জিপিএ ৪ থাকতে হবে।
ও লেভেল প্রার্থীদের গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত চারটি বিষয়ে ন্যূনতম এ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতায় আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৭.৬৪ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের কমপক্ষে ১৬২.৫৬ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) হতে হবে।
উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে এবং বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে। প্রার্থীদের চশমা ছাড়া ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে; দৃষ্টিশক্তি সংশোধনের মাধ্যমে ৬/৬ করা গ্রহণযোগ্য, তবে বর্ণান্ধ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় সাবলীল হতে হবে। অন্য কোনো ভাষায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইনসের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হয় না। নিয়োগের নামে কেউ অর্থ দাবি করলে প্রয়োজনীয় তথ্য ও নথিসহ [email protected] ঠিকানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে, আর নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন, সংশোধন, স্থগিত বা বাতিলের অধিকার সংরক্ষণ করে কর্তৃপক্ষ।


