২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন।
মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৫ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৪৫৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে।
চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাবে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭২১ জন।
একই সময়ে চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২৭৫ জন, খুলনা বিভাগে ১৬১ জন এবং বরিশাল বিভাগে ১৪৩ জন।
এছাড়া রাজশাহী বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে এ সময়ে কোনো রোগী ভর্তি হননি বলে বুলেটিনে বলা হয়েছে।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে।
একই সময় পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে।


