কামারখন্দে টুকু: আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে, আর ফিরে আসবে না
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে, দেশে তারা আর ফিরে আসবে না।
শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দে সংক্ষিপ্ত সফরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, শেখ হাসিনা দেশের কোনো কাজই করেননি, শুধু ব্রিজ আর ফ্লাইওভার করেছেন। তিনি বাংলাদেশের ব্যাংকের টাকা খালি করে দিয়েছেন এবং নিজস্ব টাকা দিয়ে করার কথা বলেছেন বলে মন্ত্রী মন্তব্য করেন।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ বিদ্যুৎ লাইনও আগের সরকার করেনি। বর্তমান সরকার এসে ১০ মাসে তা করেছে, এখন ময়মনসিংহে লোডশেডিং কমে গেছে।
বিদ্যুৎমন্ত্রী বলেন, জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এই সরকার জনগণের সরকার। কড্ডা থেকে জামতৈল পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করা হবে—এটির টেন্ডার হয়ে গেছে, টেন্ডার ড্রপ হলেই দ্রুত কাজ শুরু হয়ে যাবে বলে তিনি জানান।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি বুঝতে হবে। তেল, গ্যাস ও পেট্রোল যেখান থেকে আসে, সেখানে যুদ্ধ চলছে। ফলে সারা বিশ্বে জ্বালানি সংকট শুরু হয়েছে। এই সংকটের মধ্যেও দেশে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সরকার বিদেশ থেকে বেশি দাম দিয়ে গ্যাস কিনছে।
তিনি বলেন, সব টাকা সেখানে খরচ করতে থাকলে রাস্তাঘাট করা, ফ্যামিলি কার্ড দেওয়া ও স্কুল উন্নত করার মতো সামাজিক প্রকল্পগুলো কীভাবে হবে। জনগণের সহযোগিতা ছাড়া এই কঠিন পরিস্থিতি পার করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিদ্যুতের বিষয়ে টুকু বলেন, তারা সহজ পদ্ধতি পেয়েছেন—সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন। তিনি ঘরে ঘরে সোলার বসানোর জন্য সহযোগিতা চান। এতে বিদ্যুতের বিলও কম থাকবে, প্রিপেইড মিটার নিয়ে ঝামেলাও লাগবে না। নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করে নিজে ব্যবহারের ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলে তিনি জানান।

