শেরপুরের গাজীরখামারে নাশকতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

শেরপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ও ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাশকতার প্রস্তুতি নিয়ে গাজীরখামার এলাকায় আওয়ামী লীগের কয়েকজন কর্মী জড়ো হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতিতে তাঁরা সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন বলে পুলিশ জানিয়েছে। পরে সেখান থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শেরপুর সদর থানায় মামলা করা হয় এবং ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, তাঁরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন এবং পুলিশের সামনেই সরকারবিরোধী স্লোগান দেন। পরে তাঁদের আটক করে মামলার পর আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।




