চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ পাল্টাপাল্টি গুলি, পতাকা বৈঠক আহ্বান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার রাত ১১টা ২৭ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৬১/১-এস-এর নিকট শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সন্নিকটে গুলির শব্দ শোনা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা ফায়ার করে।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলোর শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত ও সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা ফায়ার করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



