…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই দাফন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের, ইউএনওর কাছে প্রতিবেদন তলব

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই দাফন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের, ইউএনওর কাছে প্রতিবেদন তলব
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে (৭৮)। দাফনের সময় উপজেলা প্রশাসনের কেউ উপস্থিত না থাকায় গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।

আব্দুস সাত্তার বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানী ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বাড়ি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামে। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি ছেলের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি মহালক্ষ্মীপাড়ায় আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরিবারের সদস্যরা জানান, গার্ড অব অনার দিয়ে আব্দুস সাত্তারকে শেষবিদায় জানাতে তাঁরা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ সদস্যরা পৌঁছালেও শেষ পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিনিধি আসেননি। পরে গার্ড অব অনার ছাড়াই বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

আব্দুস সাত্তারের ভাই মো. শাহজাহান আক্ষেপ করে বলেন, ‘আমরা চেয়েছিলাম আমার ভাইকে শেষ সম্মানটুকু জানিয়ে চিরবিদায় দিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। যে মানুষটি ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করল, সে তার প্রাপ্য সম্মানটুকুও পেল না।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘আমরা গার্ড অব অনারের জন্য পুলিশ পাঠিয়েছিলাম এবং পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় পুলিশ একা গার্ড অব অনার দিতে পারেনি।’

এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গার্ড অব অনার প্রদর্শন করা হয়, সন্ধ্যার পর দেওয়া হয় না। তারপরও প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা থেকে লাশ আনা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বিধা ছিল। মাগরিবের পর কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি, তাই দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি জানতে পারলে তাঁরা অবশ্যই সেখানে উপস্থিত হতেন বলে তিনি জানান।

ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস মিয়া বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ করেছিলেন। গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের জানিয়েছিলেন, সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়ার নিয়ম নেই।

কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার বলেন, ‘সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গার্ড অব অনার প্রদর্শন করা হয়। কিন্তু আমার প্রতিবেশী মারা গেলে আমি তো ঘরে বসে থাকব না। এ ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাঁর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন। তাঁরা মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ব্রাহ্মণপাড়ার ঘটনাটি মন্ত্রিপরিষদ বিভাগ ও বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

৭ নভেম্বরের চেতনায় ঐক্যের ডাক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জামায়াত আমিরের

ঢাকা: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্র…

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ
জাতীয়

ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুটের পরিকল্পনা, চলছে বিস্তারিত নকশার কাজ

রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে; এখন রুট দুটির বিস্তারিত …

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তদন্তে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকা…

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ায় চালু ৮৮ পোশাক কারখানা, শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চালু রয়েছে ৮৮টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। …