রীতা রানীকে মারধরের অভিযোগে মিরপুরের সাত থানার কোথাও মামলা হয়নি, জানাল ডিএমপি

শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকের মাধ্যমে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. জাকির তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নেয়নি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ডিএমপির মিরপুর বিভাগ। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানার কোথাও এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
এমনকি শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
গুজব প্রতিরোধে ডিএমপি বলেছে, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে অথবা তাঁর পরিচয়, অবস্থান কিংবা ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



