ফ্লোরিডায় আকস্মিক বন্যায় ট্রাকে আটকে মৃত্যু চার সন্তানের বাবার, স্ত্রীর সঙ্গে শেষ ফেসটাইম কলের বিবরণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বে শহরের বাসিন্দা জোশুয়া বেনেট (৩৪) আকস্মিক বন্যার পানিতে তাঁর ট্রাক আটকে যাওয়ার পর মারা গেছেন। তিনি চার সন্তানের বাবা।
ভারী বৃষ্টিতে ফ্লোরিডার পূর্ব-মধ্য উপকূলের ব্রেভার্ড কাউন্টিতে সোমবার বন্যা দেখা দেয়। বেনেট কফি কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে, পথে বাড়তে থাকা বন্যার পানির মুখে পড়েন তিনি।
তাঁর স্ত্রী স্টেসি পেটিট বেনেট জানান, সান ফিলিপ্পো ড্রাইভে বন্যার পানি বেনেটের ট্রাক ঘিরে ফেললে তিনি আতঙ্কিত হয়ে তাঁকে ফেসটাইমে ফোন করেন। স্টেসি বলেন, স্বামী কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমি জানি না কী করব, আমি জানি না কী করব।’
বেনেট স্ত্রীকে জানান, তিনি নদীর মাঝখানে আছেন এবং তাঁর গাড়ি চারদিকে পানিতে ডুবে আছে। স্টেসি তাঁকে জানালা ভাঙতে বলেন, এরপরই কলটি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ৯১১ নম্বরে ফোন করেন এবং ঘণ্টার পর ঘণ্টা স্বামীর জন্য সাহায্য পেতে চেষ্টা করেন বলে জানান।
স্ত্রী বেনেটকে ‘অসাধারণ স্বামী ও বাবা’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই উদ্ধার পাওয়ার সুযোগ পাওয়া উচিত। তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। তাঁর সন্তানরা ছোট।’
বেনেট চার সন্তানের বাবা, যাদের মধ্যে তিনজনের বিশেষ চাহিদা রয়েছে। তাঁর সন্তানদের মধ্যে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া যমজ মেয়েও রয়েছে। স্ত্রী জানান, সন্তানরা জিজ্ঞেস করছে তাদের বাবা কখন বাড়ি ফিরবেন।
স্টেসি বলেন, ‘সে এখানে নেই। আমার অবলম্বনটাই নেই। ওদের বাবা নেই।’
ব্রেভার্ড কাউন্টির এই বন্যায় মারা যাওয়া দুজনের একজন বেনেট। অপরজন আর্চি রিচার্ডস (৭৮); ব্রেভার্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাতে জানা গেছে, রিচার্ডস লেন ও হল রোডের কাছে তাঁর গাড়ির ভেতরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।




