স্বাস্থ্য সমস্যায় বাস্কেটবল থেকে সরে দাঁড়ালেন পোরজিংগিস

গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের খেলোয়াড় ক্রিস্তাপস পোরজিংগিস আপাতত বাস্কেটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার তিনি জানান, চলমান স্বাস্থ্য সমস্যার কারণে অদূর ভবিষ্যতে তিনি কোর্টে নামছেন না।
নিজের বিবৃতিতে পোরজিংগিস বলেন, এই মৌসুমে এই দলটির সঙ্গে খেলার জন্য তিনি খুবই আগ্রহী ছিলেন। কিন্তু অনুশীলনের গতি বাড়ানোর সময় তাঁর শরীর প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়নি।
তিনি বলেন, তিনি ভালো আছেন, কিন্তু নিজের কাছে যে মানের পারফরম্যান্স তিনি আশা করেন, সেই পর্যায়ে পৌঁছাতে যা লাগে, তিনি এখন সেখানে নেই। তাই স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে প্রিয় খেলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পোরজিংগিস বলেন, এই পরিস্থিতিতে তিনি গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে চান এবং তাদের সঙ্গে কাজ করে এমন একটি সমাধান খুঁজতে চান, যা সবার জন্য যুক্তিসংগত হবে। পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
পোরজিংগিস এই মৌসুমে ওয়ারিয়র্সের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি। মৌসুম শুরুর আগে দলের প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার আগের দিনই তিনি দল থেকে সরে গিয়েছিলেন।
তার স্বাস্থ্য সমস্যা পোস্টুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোমের (পটস) পুনরাবৃত্ত উপসর্গের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এই অবস্থায় মাথা ঘোরা ও ক্লান্তি দেখা দিতে পারে।
ইএসপিএনের এনবিএ ইনসাইডার শামস চারানিয়া লিগ সূত্রের বরাতে জানিয়েছেন, পোরজিংগিসের ২ কোটি ডলারের বেতনের অর্ধমাসিক কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিবেদন অনুযায়ী, বেতন না পাওয়ার বিষয়টি নিয়ে পোরজিংগিস আপত্তি তুলছেন না এবং এনবিএ খেলোয়াড়দের সংগঠনেরও এটি নিয়ে বিরোধে যাওয়ার পরিকল্পনা নেই।
গত ১৪ অক্টোবর এক্সে দেওয়া এক পোস্টে নিজের স্বাস্থ্য নিয়ে জল্পনা প্রসঙ্গে পোরজিংগিস বলেছিলেন, দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তিনি চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছেন, তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন এবং ধৈর্য ধরে থাকতে হবে। ওই সময় ‘ইন্টারনেট চিকিৎসকদের’ এইচআইভি বা এইডস সংক্রান্ত গুজব নিয়েও তিনি কথা বলেছিলেন।
স্বাস্থ্য সমস্যায় ভুগে গত দুই মৌসুমে পোরজিংগিস মোট মাত্র ৭৪টি ম্যাচ খেলতে পেরেছেন। তা সত্ত্বেও মৌসুম শুরুর আগে ওয়ারিয়র্স তাঁর সঙ্গে দুই বছরের ৪ কোটি ডলারের চুক্তি সম্প্রসারণ করেছিল। ২০১৫ সালে নিউইয়র্ক নিকসের হয়ে এনবিএতে অভিষেকের পর থেকে তিনি ২৫ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছেন।




