…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

অক্টোবরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমল ১ দশমিক ২ শতাংশ, তবে গত বছরের তুলনায় এখনো ৬ শতাংশ বেশি

নিজস্ব প্রতিবেদক

চিনি ও ভোজ্যতেলের দাম বাড়লেও খাদ্যশস্য, দুগ্ধজাত পণ্য এবং মাংসের দরপতনের কারণে গত অক্টোবরে বিশ্ববাজারে সামগ্রিক খাদ্যপণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যসূচক আগের মাসের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় দাম এখনো প্রায় ৬ শতাংশ বেশি রয়েছে।

শুক্রবার প্রকাশিত এফএওর প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্য পরিস্থিতি পরিমাপের সূচক ‘এফএও ফুড প্রাইস ইনডেক্স’ অক্টোবরে গড়ে ১৩৩ দশমিক ৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ সূচক তুলনামূলকভাবে বেশি ছিল।

মাসিক হিসাবে সূচকটি কমলেও ২০২৫ সালের অক্টোবরের তুলনায় তা ৫ দশমিক ৯ শতাংশ বেশি। তবে ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া রেকর্ড সর্বোচ্চ অবস্থানের তুলনায় সূচকটি এখনো ১৬ দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে।

প্রতিবেদনে খাদ্যপণ্যের বিভিন্ন শ্রেণিতে দামের ভিন্নমুখী প্রবণতা দেখা গেছে। অক্টোবরে খাদ্যশস্যের মূল্যসূচক কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। গম ও ভুট্টার দাম কমে যাওয়ায় এ খাতের সামগ্রিক সূচকে বড় ধরনের প্রভাব পড়েছে।

টানা চার মাস বাড়ার পর আন্তর্জাতিক বাজারে গমের দাম নিম্নমুখী হয়েছে। আর্জেন্টিনায় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় গমের বাজারে এ পতন দেখা গেছে।

একইভাবে ভুট্টার দামও কমেছে। যুক্তরাষ্ট্রে ভালো ফলনের প্রত্যাশা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সরবরাহ পরিস্থিতি ইতিবাচক থাকার সম্ভাবনা এ দরপতনে ভূমিকা রেখেছে।

তবে খাদ্যশস্যের বাজারে সব পণ্যের দাম কমেনি। বিরূপ আবহাওয়া এবং ফসল কাটায় বিলম্বের কারণে অক্টোবরে আন্তর্জাতিক বাজারে চালের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

অন্যদিকে চিনির বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হয়েছে। অক্টোবরে চিনির দাম আগের মাসের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। ব্রাজিলে বৃষ্টির কারণে আখ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হওয়া এবং ভারত, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নে উৎপাদন নিয়ে উদ্বেগের কারণে চিনির বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

ভোজ্যতেলের বাজারেও দাম বৃদ্ধির প্রবণতা ছিল। বিশেষ করে পাম ও সূর্যমুখী তেলের দাম বাড়ায় অক্টোবরে উদ্ভিজ্জ তেলের সামগ্রিক মূল্যসূচক ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে খাদ্যপণ্যের অন্য দুটি গুরুত্বপূর্ণ খাতে দাম কমেছে। পর্যাপ্ত সরবরাহ এবং ক্রেতাদের তুলনামূলক দুর্বল চাহিদার কারণে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক ১ দশমিক ১ শতাংশ কমেছে। একই সময়ে মাংসের মূল্যসূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ।

এদিকে পৃথক এক প্রতিবেদনে ২০২৬ সালের বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন, ব্যবহার ও বাণিজ্য পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছে এফএও। সংস্থাটির হিসাবে, চলতি বছর বিশ্বে মোট খাদ্যশস্য উৎপাদন ২৯৯ কোটি ৯০ লাখ টনে পৌঁছাতে পারে। এ পরিমাণ উৎপাদন সর্বকালের সর্বোচ্চ না হলেও ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হবে।

তবে চাল উৎপাদনের ক্ষেত্রে ভিন্ন চিত্রের আশঙ্কা করছে সংস্থাটি। এফএওর পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর প্রভাব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে টানা চার মৌসুম উৎপাদন বৃদ্ধির পর ২০২৬ সালে বিশ্বে চালের উৎপাদন ২ দশমিক ৫ শতাংশ কমে ৫৫ কোটি ২০ লাখ টনে নেমে আসতে পারে।

এফএও আরও জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে খাদ্যশস্যের সামগ্রিক ব্যবহার সামান্য বেড়ে ২৯৭ কোটি ১০ লাখ টনে পৌঁছাতে পারে। অন্যদিকে লজিস্টিক জটিলতার কারণে গম সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক খাদ্যশস্য বাণিজ্য ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে অক্টোবরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের সামগ্রিক মূল্যসূচক কমলেও পণ্যভেদে দামের প্রবণতায় পার্থক্য রয়েছে। গম ও ভুট্টার দরপতন সামগ্রিক সূচককে নিচে নামিয়েছে। বিপরীতে চিনি, পাম ও সূর্যমুখী তেলের দাম বেড়েছে। একই সঙ্গে চাল উৎপাদন কমার পূর্বাভাস এবং আন্তর্জাতিক খাদ্যশস্য বাণিজ্যে সম্ভাব্য সংকোচন ভবিষ্যতে বৈশ্বিক খাদ্য সরবরাহ পরিস্থিতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

নওগাঁয় ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, একজনের কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ‘এসডি এগ্রোভেট’ নামের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির দুই লাখ টাক…

দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু, ব্যস্ত গাছিরা
কৃষি

দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু, ব্যস্ত গাছিরা

দিনাজপুরে শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছের রস সংগ্রহ শুরু হয়েছে। জেলাজুড়ে গাছিরা এখন রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন।…

১০ হাজার টাকার টিকিটে শ্রীপুরে মাছ শিকারের উৎসব
কৃষি

১০ হাজার টাকার টিকিটে শ্রীপুরে মাছ শিকারের উৎসব

গাজীপুরের শ্রীপুরে ১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে মাছ শিকারে অংশ নিয়েছেন অর্ধশতাধিক শৌখিন মৎস্য শিকারী। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর পৌরসভা…

এক মাসে ১০০ থেকে ১২ টাকা: গাংনীতে কাঁচা মরিচের দামে ধস, গাছ কেটে গম চাষের প্রস্তুতি কৃষকের
কৃষি

এক মাসে ১০০ থেকে ১২ টাকা: গাংনীতে কাঁচা মরিচের দামে ধস, গাছ কেটে গম চাষের প্রস্তুতি কৃষকের

মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে মরিচের আবাদ বেড়েছে। অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এ আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। মরিচ চাষ করে অনেক …