১০ হাজার টাকার টিকিটে শ্রীপুরে মাছ শিকারের উৎসব

গাজীপুরের শ্রীপুরে ১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে মাছ শিকারে অংশ নিয়েছেন অর্ধশতাধিক শৌখিন মৎস্য শিকারী। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর পৌরসভার কিত্তাপুকুরে মাছ শিকারের এই আয়োজন চলছে।
পুকুরের ইজারাদার মো. কামাল হোসেন এই আয়োজন করেছেন। সকাল থেকেই শিকারীরা উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছেন।
সরেজমিনে দেখা যায়, পুকুরের দুই পাশে ছোট ছোট বাঁশের মাচা তৈরি করা হয়েছে। এসব মাচায় সারিবদ্ধভাবে বসে বরশি দিয়ে মাছ শিকার করছেন মৎস্য শিকারীরা।
কারও বরশিতে ধরা পড়ছে বড় মাছ, আবার কারও বরশিতে উঠছে ছোট মাছ। এদিকে পুকুরের পাড়ে মাছ শিকার দেখতে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক মানুষ।
বড় মাছ ধরা পড়লেই দর্শনার্থীদের মধ্যে শুরু হচ্ছে আনন্দ-উল্লাস ও হৈচৈ। পুকুরপাড়ে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।
মৎস্য শিকারী মনির উদ্দিন বলেন, ‘১০ হাজার টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সকাল থেকে মাছ শিকার করছি। মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের টোপ সংগ্রহ করেছি। পিঁপড়ার ডিমসহ নানা উপকরণ দিয়ে এসব টোপ তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি ভালো মাছ শিকার হচ্ছে। তবে বড় মাছের তুলনায় ছোট মাছই বেশি ধরা পড়ছে।’
আরেক মৎস্য শিকারী মহসিন প্রধান বলেন, ‘সকাল থেকে মাছ শিকার করছি। এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো। এখানে লাভ-লোকসানের হিসাব করলে চলে না। বিষয়টি অনেকটাই আনন্দের। ১০ হাজার টাকা টিকিটের মূল্য হলেও কেউ এর চেয়ে বেশি দামের মাছ পাবেন, আবার কেউ কম পাবেন।’
আয়োজক ও পুকুরের ইজারাদার মো. কামাল হোসেন বলেন, ‘১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে অর্ধশতাধিক মৎস্য শিকারী এ আয়োজনে অংশ নিয়েছেন। পুকুরে দেশীয় প্রজাতির রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ রয়েছে। সকাল থেকেই শিকারীরা উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছেন। বড় মাছ ধরা পড়লেই পুকুরপাড়ে আনন্দ-উল্লাস শুরু হয়।’
মৎস্য শিকারীদের পাশাপাশি মাছ ধরা উপভোগ করতে অনেক উৎসুক মানুষও পুকুরপাড়ে জড়ো হয়েছেন। সকাল থেকে চলা এই আয়োজন ঘিরে শ্রীপুরের কিত্তাপুকুর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।




