কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী সোহেল
কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে চায় সরকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, বিএনপি সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এই উন্নয়নকাজ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বাড়াবে।
তিনি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম জানান, সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এসব কাজ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও নির্মাণসামগ্রী সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পুরোদমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকল্পের আওতায় ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ওয়ার্কশপ ভবন, ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ছয়তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
এ ছাড়া ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে রিটেইনিং ওয়াল, বাউন্ডারি ওয়াল ও মূল ফটক নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।



