কক্সবাজার যাওয়ার পথে শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষকসহ নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর পুকুরে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আটজন শিক্ষার্থী ও যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।
স্থানীয় বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে শিক্ষাসফরে রওনা হয়।
পথে সাতকানিয়ার কেরানীহাট এলাকা অতিক্রম করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের ইটভাটার শ্রমিকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা পানির ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান।
পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
আহতদের কেরানীহাটের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে গুরুতর আহতদের মধ্যে সোহানা আফরোজ ও ইসরাফিলের মৃত্যু হয়।


