গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই মহাসমাবেশে উপস্থিত হন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও মঞ্চে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন, আর এই মহাসমাবেশে সারাদেশ থেকে আসা সদস্যরা অংশ নিয়েছেন।

