জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোট: নিউজিল্যান্ডের নির্বাচনে প্রাথমিক ফলে হাড্ডাহাড্ডি লড়াই

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলে দেশটির দুই প্রধান দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতিকে কেন্দ্র করে চলা নির্বাচনী প্রচারের পর ভোট গণনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ও তাঁর নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির ডানপন্থী জোট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আশায় লড়ছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স।
ভোটকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ভোট গণনা চলছে এবং ফলাফল এখনো অনিশ্চিত। লেখার সময় পর্যন্ত লেবার পার্টি ২৯.৭১ শতাংশ ভোট পেয়ে সামান্য এগিয়ে রয়েছে, ন্যাশনাল পার্টির ভোট ২৯.৪১ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে গ্রিন পার্টি, ১৩.৯৬ শতাংশ ভোট নিয়ে। এরপর ন্যাশনাল পার্টির জোটসঙ্গী অ্যাক্ট নিউজিল্যান্ড ১০.৬৩ শতাংশ এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ৯.৪১ শতাংশ ভোট পেয়েছে।
এ পর্যন্ত ৪২ শতাংশের কিছু বেশি ভোট গণনা করা হয়েছে। ব্যালটে থাকা কোনো দলই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে না।
নিউজিল্যান্ডে ভোটাররা সাধারণ নির্বাচনে দুটি ভোট দেন—একটি দলীয় ভোট এবং একটি নির্বাচনী এলাকার ভোট। নির্বাচনী এলাকার ভোটে ভোটাররা তাঁদের স্থানীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করার জন্য একজন প্রার্থীকে ভোট দেন। আর দলীয় ভোটে তাঁরা সেই দলকে ভোট দেন, যাকে তাঁরা সরকারে দেখতে চান।
মাওরি বংশোদ্ভূত ভোটাররা সাধারণ ভোটার তালিকা ও মাওরি ভোটার তালিকার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। মাওরি তালিকা বেছে নিলে ভোটার তাঁর বসবাসের এলাকার মাওরি নির্বাচনী এলাকার প্রার্থীকে ভোট দেন। সাধারণ তালিকা বেছে নিলে তিনি সাধারণ নির্বাচনী এলাকায় ভোট দেন।
উদাহরণ হিসেবে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের রোটোরুয়ায় বসবাসকারী কেউ মাওরি তালিকা বেছে নিলে ওয়াইয়ারিকি নির্বাচনী এলাকায় ভোট দেবেন। ওয়াইয়ারিকির মাওরি নির্বাচনী এলাকায় যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি স্থানীয় সংসদ সদস্য হবেন।
আর তিনি সাধারণ তালিকা বেছে নিলে রোটোরুয়া নির্বাচনী এলাকায় ভোট দেবেন। সাধারণ নির্বাচনী এলাকা রোটোরুয়ায় যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি স্থানীয় সংসদ সদস্য হবেন।
ভোট গণনা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফলাফলের চিত্র আরও স্পষ্ট হবে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের পর জোট গঠনের আলোচনাই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


