কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ
বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, শনিবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশালের একটি দল সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে রুটিন টহল দিচ্ছিল। এ সময় অবৈধভাবে বালু তোলার সময় হাতেনাতে ড্রেজার ও বাল্কহেডগুলো জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
একই সঙ্গে ভবিষ্যতে আর কখনও অবৈধভাবে বালু তুলবে না মর্মে মুচলেকা রেখে ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

