শ্যাম্পেনের বোতল ফাটিয়ে জয় উদযাপন, প্লে-অফের ম্যাচে নিষিদ্ধ নিউ জার্সির কোচ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেয়েদের ফুটবল দলের এক কোচকে প্লে-অফের একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। ক্যারিয়ারের শততম জয় উদযাপন করতে গিয়ে তিনি স্কুলের মাঠে শ্যাম্পেনের বোতল ফাটিয়েছিলেন বলে ভিডিওতে দেখা গেছে।
পল সিক্সথ স্কুলের কোচ কারেন অ্যান্ডারসন সাউথ জার্সি নন-পাবলিক এ কোয়ার্টার ফাইনালে নটর ডেমের বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্যারিয়ারের শততম জয় পান। ম্যাচ শেষে স্কুলের মাঠে তিনি বোতল ফাটিয়ে উদযাপন করেন বলে ভিডিওতে দেখা যায়।
অ্যান্ডারসন এনজে ডটকমকে বলেছেন, তিনি বোতল থেকে পান করেননি। বোতলটি দলের খেলোয়াড়দের অভিভাবকরা কিনে দিয়েছিলেন। তবে বোতলে অ্যালকোহল ছিল কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
নিউ জার্সি স্টেট ইন্টারস্কলাস্টিক অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের (এনজেএসআইএএ) নিয়মে বলা আছে, ম্যাচ চলাকালে বা ম্যাচের পর মাঠে বা স্কুলের সম্পত্তিতে, এমনকি চার্টার্ড বাসেও, অ্যালকোহল, তামাক বা অবৈধ মাদকের সঙ্গে জড়িত খেলোয়াড় ও কোচদের এনজেএসআইএএ টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হবে এবং চ্যাম্পিয়নশিপের অধিকার থেকে বঞ্চিত করা হবে।
সেই নিয়মের তুলনায় অ্যান্ডারসনের শাস্তি তুলনামূলকভাবে হালকা বলেই মনে হচ্ছে।
ভিডিওটি প্রকাশ্যে আসা নিয়ে অ্যান্ডারসন বলেন, দলের সাফল্যের কারণে এমনটা হবে, এতে তিনি 'মোটেও অবাক হননি'।
তিনি বলেন, 'এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে এমন মানুষ আছে যারা এই প্রোগ্রামের জন্য আমার করা সব কঠোর পরিশ্রম নষ্ট করার সুযোগ খুঁজছে।' ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে।
অ্যান্ডারসন আরও বলেন, 'অনেক মানুষই আছে যারা লক্ষ্যবস্তু খুঁজে সুযোগ নিতে চায়। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে কেউ সেই একটি সুযোগ খুঁজে পেয়ে আপনি যা কিছু গড়ে তুলেছেন, তা ভেঙে ফেলার চেষ্টা করবে।'
শুক্রবার এক বিবৃতিতে পল সিক্সথ স্কুল বলেছে, 'কোচ অ্যান্ডারসন বোতলের ভেতরের কিছু পান না করলেও, পল সিক্সথ এই আচরণ সমর্থন করে না এবং কোচদের কাছ থেকে প্রত্যাশিত আচরণবিধি বজায় রাখার গুরুত্ব স্বীকার করে।'
পল সিক্সথের মেয়েদের ফুটবল দল রাজ্যের শীর্ষস্থানীয় দল। টানা তৃতীয় নন-পাবলিক এ রাজ্য চ্যাম্পিয়নশিপ জিততে দলটির আর দুটি জয় প্রয়োজন।




